জমকালো আয়োজনে দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন
রুপম চাকমা, দীঘিনালা :
নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর লেনদেনে মানুষকে অভ্যস্ত করতে খাগড়াছড়ির দীঘিনালায় ক্যাশলেস বুথ চালু করেছে পূবালী ব্যাংক। ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে আয়োজিত এ বুথে গ্রাহকদের হাতে-কলমে নগদ টাকা ছাড়াই লেনদেনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালার বোয়ালখালী বাজারে এ ক্যাশলেস বুথের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও ডিজিএম এ কে এম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক ও এজিএম ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের দীঘিনালা উপশাখা প্রধান পিও ইভান ত্রিপুরা।

এ সময় বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ দীঘিনালা উপজেলার পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন। বুথটি তিন দিন কার্যক্রম পরিচালনা করবে। এ সময়ে আগ্রহী গ্রাহকদের নগদ অর্থ ছাড়াই ব্যাংকিং ও আর্থিক লেনদেনের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ ও ব্যবহারিক ধারণা দেওয়া হবে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কেও সচেতন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম এ কে এম মাসুদ বলেন, “বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন নিরাপদ ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থার অন্যতম মাধ্যম। নগদ টাকা বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি ক্যাশলেস লেনদেনের মাধ্যমে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তর করা যায়। লেনদেনের হিসাবও ডিজিটালভাবে সংরক্ষিত থাকে, ফলে স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হয়।

সংশ্লিষ্টরা জানান, নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়লে টাকা বহন ও সংরক্ষণের ঝুঁকি কমে, লেনদেনে সময় সাশ্রয় হয় এবং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ে। বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটা, বিল পরিশোধ, অর্থ স্থানান্তরসহ বিভিন্ন কাজে ক্যাশলেস পদ্ধতি ব্যবহার করলে আর্থিক লেনদেন আরও সহজ ও নিরাপদ হয়ে উঠবে। ক্যাশলেস বুথে এসে গ্রাহকরা ডিজিটাল লেনদেনের পদ্ধতি সম্পর্কে সরাসরি জানতে ও ব্যবহার করে দেখতে পারছেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দীঘিনালার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নগদবিহীন লেনদেনের প্রতি আগ্রহ আরও বাড়বে।

| ৯ অক্টোবর ২০২৬



















