দুর্যোগ মোকাবিলায় ত্রান ও ধর্মীয় উৎসবে সহায়তা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া
সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং ধর্মীয় উৎসব উদ্যাপনে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৩০ জনের মধ্যে ত্রাণসামগ্রী, শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি পূজামণ্ডপ এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪৯টি বৌদ্ধ বিহারে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রামগড় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া এবং রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

| ১৮ অক্টোবর ২০২৬












