কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা : উদ্ধারে ডুবুরি দলের অভিযান
রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটি কাপ্তাইয়ে হ্রদ পথে মালামাল নিয়ে ফেরার পথে মো. মাসুদ (৫০) নামে এক বিএনপি নেতা নিখোঁজ হয়েছেন। তিনি কাপ্তাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকার চিপার হাউস এলাকার বাসিন্দা ইসমাইল সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মৌসুমী ফল ও কাঁচামালের ব্যবসা করে আসছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মো. মাসুদ নিয়মিত প্রতি বৃহস্পতিবার বিলাইছড়ি ও ফারুয়া বাজার থেকে মালামাল কিনতে যান এবং শনিবার ইঞ্জিনচালিত বোটযোগে কাপ্তাই জেটিঘাটে ফিরে আসেন। সেই ধারাবাহিকতায় শনিবার ভোরে মালামাল নিয়ে রওনা দিলেও জেটিঘাটে পৌঁছাননি। পরবর্তীতে রাইংখিয়ং বাজার সংলগ্ন এলাকায় মালামালসহ তার বোটটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই এলাকা থেকেই তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্গম এলাকা এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিষয়টি জানাজানি হতে কিছুটা দেরি হয়।
এ বিষয়ে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পরই আমরা তাৎক্ষণিকভাবে কাপ্তাই নৌবাহিনীকে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে নৌবাহিনীর ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান শুরু করে। রাত ১১টা পর্যন্ত টানা তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান না পাওয়ায় আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।”
তিনি আরও জানান, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে একদল পুলিশ এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উদ্ধার অভিযানে নৌবাহিনীকে সার্বিক সহযোগিতা করছেন।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মজিব এবং স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন জানান, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ নেতার সন্ধানে স্থানীয়ভাবেও নানা প্রচেষ্টা চালানো হচ্ছে।

| ১৯ জুলাই ২০২৬
























