পার্বত্য চট্টগ্রামে জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়াস
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি জোরদারে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবানের রুমা জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন পাড়ার বাসিন্দাদের মাঝে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রুমা জোনের উদ্যোগে চলতি সপ্তাহে এসব সহায়তা প্রদান করা হয়। এ সময় রুমা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের শ্যামাপূজা ও দীপাবলি উৎসব সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ধর্মীয় উৎসব উদযাপনে এ সহযোগিতা স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, রুমা উপজেলার দুর্গম সেপ্রুপাড়ার দীর্ঘদিনের পানি সংকট নিরসনে স্থানীয় বাসিন্দাদের জন্য ওয়াটার পাম্প ও পানির পাইপ সরবরাহ করা হয়। এর ফলে পাড়াবাসীর প্রয়োজনীয় পানি সংগ্রহের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ওই পাড়ার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে, বেথেল পাড়ার একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হস্তশিল্পের কাঁচামাল ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ওই পরিবারের ছোট শিশুটির পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহ জোগাতে তার হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
সেনাবাহিনীর এসব জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, খেলাধুলার প্রসার এবং অসহায় পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসবে সহযোগিতার মাধ্যমে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

| ১০ নভেম্বর ২০২৬















