বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
শিরোনাম:

কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ৫:০৪ পিএম
10 বার পড়া হয়েছে
কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি মারমা পাড়ায় উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে প্রয়াত সমাজসেবক মংলু মারমা এবং তাঁর সহধর্মিণী ম্রাজুপ্রু মারমার স্মরণে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। ২৯ ও ৩০ মার্চ (রবিবার ও সোমবার) বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই বিশাল ধর্মীয় সভায় ও পুণ্যদান অনুষ্ঠানের প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন, চিৎমরম বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ পামোক্ষা মহাথের। এছাড়া কাপ্তাইয়ের বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও ভিক্ষুসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই পুণ্যময় অনুষ্ঠানে শীল গ্রহণ, বুদ্ধ পূজা, ভিক্ষুসংঘকে পিণ্ডদান এবং অষ্টপরিষ্কার দানসহ নানা মাঙ্গলিক আচার পালন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চীবর দান, অর্থ ও অর্ঘ্য দান, কল্পতরু উৎসর্গ এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। অনুষ্ঠানে আগত পূজনীয় ভিক্ষুসংঘ ও পুণ্যার্থীবৃন্দকে বিনম্র বন্দনা ও যথাযোগ্য অভিবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম পরিচালিত হয়। প্রয়াতদের ধর্মপুত্র ভদন্ত সনাসীরি মহাথের-এর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত দম্পতির পুত্র-কন্যা, পুত্রবধূ, জামাতা ও নাতি-নাতনিসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার বৌদ্ধ ধর্মালম্বী ও পুণ্যার্থীর উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ এক পবিত্র মিলনমেলায় পরিণত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বড়ইছড়ি মারমা পাড়ার জনপ্রিয় কবিরাজ ও সমাজসেবক মংলু মারমা পাঁচ বছর আগে পরলোকগমন করেন। তাঁর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই দেড় বছর ব্যবধানে তাঁর সহধর্মিণী ম্রাজুপ্রু মারমা মৃত্যুবরণ করেন।

প্রয়াতদের বড় ছেলে অংথোয়াইচিং মারমা ও বড় জামাতা টি মং মারমা জানান, বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বাবা-মায়ের পারলৌকিক সদগতি ও শান্তি কামনায় এই চীবর দান ও অষ্টশুদ্ধিকরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার বিকেলে এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাঘাইছড়ি মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে ধরা পড়ল ৫০ লিটার অকটেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ৬:৪০ এএম
কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ লিটার চোরাই জ্বালানী তৈল (অকটেন) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বুধবার (১লা এপ্রিল ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে একটি মোটরসাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে অকটেন আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কচুছড়ি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে।

‎রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে একটি বেসামরিক মোটরসাইকেলকে তল্লাশির জন্য সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় তার বহন করা একটি প্লাস্টিকের বস্তা সড়কে পড়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে।

তল্লাশি করে বস্তার ভেতর থেকে একটি জারিকেন ও ৩০টি প্লাস্টিকের বোতলে ভরা মোট ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত অকটেনের আনুমানিক মূল্য ৬ হাজার ৫০ টাকা।

‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশল ব্যবহার করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম
কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান

 

এম এস শ্রাবণ মাহমুদ :

বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গামাটি সড়ক বিভাগ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ ৪টি আঞ্চলিক সড়কের দুই পাশে ৪১ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ২৬ খ্রিঃ দুপুরে রাঙ্গামাটির সড়কের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার।

এ সময় জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রনেল চাকমা ও সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গা, সাপছড়ি যৌথ খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সড়ক বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচীর আওতায় জেলা সদর, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার আঞ্চলিক সড়কের দুই পাশে চলতি বছর ১ হাজার গাছের চারা রোপণ করা হবে।

২০২৬ সাল থেকে ৩০ সালের মধ্যে প্রতি বছর ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। তত্ত্বাবধায়ক, প্রকৌশলী জানান, রাঙ্গামাটি জেলার পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সড়কের দুই পাশেও পর্যায়ক্রমে গাছের চারা রোপণ করা হবে।

ডিসি গোল্ডকাপ ফুটবল ; হাড্ডা-হাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয়জয়কার বজায় রেখেছে কাপ্তাই উপজেলা। বুধবার (১ এপ্রিল) রাঙ্গামাটি চিংহ্লা মং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাঘাইছড়ি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ঠাসা এই ম্যাচে বাঘাইছড়ির লড়াকু ফুটবল দর্শকদের মুগ্ধ করলেও শেষ হাসি হেসেছে কাপ্তাই।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। খেলার ১০ মিনিটেই বাঘাইছড়ি উপজেলার স্ট্রাইকার ওয়াকিল গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। প্রথমার্ধ বাঘাইছড়ির নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে কাপ্তাই। দ্বিতীয়ার্ধের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কাপ্তাইয়ের মারুফ এবং মংহাই মারমা। তাদের জোড়া গোলে ব্যবধান ২-১ এ দাঁড়ায়। শেষ বাঁশি বাজা পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে কাপ্তাই উপজেলা দল।

ম্যাচটি পরিচালনা করেন চট্টগ্রাম থেকে আগত ফিফা তালিকাভুক্ত প্রখ্যাত রেফারি আশরাফুজ্জামান টিটু। মারি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে এই রোমাঞ্চকর লড়াই উপভোগ করেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ রুহুল আমীন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি পৌরসভার প্রাক্তন মেয়র মোঃ সাইফুল ইসলাম ভুট্টু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই দলের টিম ম্যানেজার মোঃ দিলদার হোসেন, জেলা ক্রীড়া অফিস সচিব আব্দুল করিম লালু, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আসলাম খান। এছাড়াও কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ​

টুর্নামেন্টে পরপর দ্বিতীয় জয়ের গৌরব অর্জন করায় কাপ্তাই উপজেলা দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। তিনি আশা প্রকাশ করেন, কাপ্তাইয়ের এই সাফল্যের ধারা টুর্নামেন্টের শেষ পর্যন্ত বজায় থাকবে।

×