সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রামগড়ে ফলজ ও বনজ চারা বিতরণ
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে কৃষক-কৃষাণী ও সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে সরকারি কর্মসূচির আওতায় এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন।পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ-গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ এমদাদুল হক বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের খাদ্য, পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা সময়ের দাবি। তিনি বিতরণ করা চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ ধরনের কর্মসূচি একদিকে যেমন বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রামগড়ে ফলজ ও বনজ চারা বিতরণ




