বিলাইছড়িতে গ্রাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস) ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, রাঙামাটি :
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপদ পানির সুব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘গ্রাভিটি ফ্লো সিস্টেম’ (জিএফএস) ব্যবস্থাপনা বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএইচটি রিজিয়ন’ (PRLC) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
আজ ৯ মে, ২০২৬ তারিখে বিলাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজাছড়া পাড়ায় এই বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনিল কান্তি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২৪ নং নাড়াইছড়ি মৌজার হেডম্যান এবং সিএইচটি ভিসিএফ নেটওয়ার্ক এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক বাবু শান্তি বিজয় চাকমা।

প্রকল্পের কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন হিল ফ্লাওয়ারের প্রকল্প সমন্বয়ক বাবু জ্যোতি বিকাশ চাকমা। এছাড়াও স্থানীয় কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
সভার মূল বিষয়বস্তু ওরিয়েন্টেশন সভায় মূলত পাহাড়ের প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত পানি কিভাবে উন্নত প্রযুক্তির ‘জিএফএস’ বা অভিকর্ষজ প্রবাহ পদ্ধতিতে স্থানীয় জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং এর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ কিভাবে করা হবে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূ-প্রকৃতি বিবেচনায় গ্রাভিটি ফ্লো সিস্টেম একটি টেকসই ও পরিবেশবান্ধব সমাধান। এর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুর্গম এলাকার মানুষ স্বাস্থ্যসম্মত পানির সুবিধা ভোগ করতে পারবে, যা জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে।
বাস্তবায়নে: হিল ফ্লাওয়ার সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন আর্থিক সহায়তায়: ইউরোপিয়ান ইউনিয়ন।

















