গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানে কর্মরত সাংবাদিকরা। । হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে জেলার বান্দরবান প্রেস ক্লাব।
শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে সাংবাদিকরা বলেন, সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয়, এই দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়, যার মাধ্যমে সাংবাদিকদের উপর নির্যাতনের মাত্রা কতটা বেড়েছে তা বুঝা যায়। তাই দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার ও কঠোর বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।
মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সম্পাদক এন এ জাকিরসহ বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















