নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য আহত।
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে ঘুমধুমের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেন (৩৪ বিজিবি, রেজু আমতলী বিওপি) বিস্ফোরণে ডান পায়ের গোড়ালি হারান এবং বাম পায়ে গুরুতর আঘাত পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বিজিবি সূত্রে জানা যায়, প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের আওতাধীন রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ পেয়ারাবুনিয়া এলাকায় এই মাইন বিস্ফোরণ হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

















