থানচিতে গৃহপালিত প্রাণীর রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় গৃহপালিত প্রাণীর এসব রোগ প্রতিরোধে বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তংখ্যাং পাড়া প্রাঙ্গনে এ কার্যক্রমের মাধ্যমে হাঁস-মুরগির নিউক্যাসেল, রানিক্লেট ও বার্ড ফ্লু এবং গবাদিপশুর ব্ল্যাক কোয়ার্টার, পিপিআর ও অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে টিকা দেওয়া হচ্ছে।
এদিকে ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়ন করছে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় এই কর্মসূচি পাহাড়ের দুর্গম এলাকায় পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দোরগোড়ায় পশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তারা জানান, পাহাড়ি জনপদের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গৃহপালিত প্রাণী। হাঁস-মুরগি, গরু ও ছাগল বিক্রিই অনেক পরিবারের প্রধান আয়ের উৎস। কিন্তু বিভিন্ন সংক্রামক রোগে প্রতি বছর পাহাড়ি অঞ্চলে হাজারো গৃহপালিত প্রাণীর মৃত্যু ঘটে, যা প্রান্তিক পরিবারের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে স্থানীয় খামারিরা জানান, আগে রোগে আক্রান্ত হলে বড় ক্ষতির মুখে পড়তে হতো। এখন বিনামূল্যে টিকা পাওয়ায় তারা আশ্বস্ত। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ উপ-সহকারী কর্মকর্তা কীর্তিমান চাকমা বলেন, নিয়মিত টিকাদান করলে গৃহপালিত প্রাণীর রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। ফলে উৎপাদন ও আয় বৃদ্ধি পায়, উপকৃত হয় পুরো পরিবার। জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রাণীসম্পদের সুরক্ষাও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর পিআরএলসি প্রকল্পের টেকনিক্যাল অফিসার হ্লাগ্যউ মারমা জানান, চলতি গৃহপালিত প্রাণীর রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পে উপস্থিত প্রাণী চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদ ও নির্দিষ্ট নিয়ম মেনে টিকা দেওয়া হচ্ছে। টিকা প্রদানের আগে প্রতিটি প্রাণীর শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনো ঝুঁকি না থাকে। এতে খামারি ও পশুপালকদের মধ্যেও আস্থা তৈরি হয়েছে।

















