সাজেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ
রুপম চাকমা, দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির পর্যটন এলাকা সাজেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাটস্থ ৫৪ বিজিবি। আজ ১০ জানুয়ারী শনিবার সকালে সাজেক বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো: মানিক উল্লাহর তত্ত্বাবধানে সাজেক ইউনিয়নের রুইলুই, কংলাল, মাচালাং ৯নং পাড়াসহ পৃথক পৃথক কয়েকটি স্থানে হতদরিদ্র অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়।
বাঘাইহাট ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়। এ সময় পাহাড়ি দুর্গম এলাকার দুস্থ ও শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, শীত মৌসুমে সাজেকসহ পার্বত্য অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক কমে যায়। ফলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীতকাল অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এ অবস্থায় বিজিবির এমন উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।
শীতবস্ত্র বিতরণকালে বিজিবির সদস্যরা বলেন, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবি সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

















