বাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) দলের এক সদস্য নিহত হয়েছেন।নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (০৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য ছিলেন।
তবে এ ঘটনায় ইউপিডিএফের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।”
উল্লেখ্য, গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য ইমনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের ধারণা, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষ গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে















