দীর্ঘদিনের পানির সংকট নিরসনে ১২ মাইল ওয়াই জংশনে সুপেয় পানি সরবরাহ করলেন : এমপি সাচিং প্রু জেরী
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :
দীর্ঘদিন ধরে তীব্র সুপেয় পানির সংকটে ভোগা দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান- ৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। তাঁর ব্যক্তিগত অর্থায়নে চিম্বুক রেঞ্জ এলাকায় সুপেয় পানি সরবরাহ কার্যক্রম চালু করা হয়েছে।
আজ (৭ মে) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানে চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজার এলাকায় পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় বাজারবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী নামটু ম্রো জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সুপেয় পানির তীব্র সংকট ছিল। নিরাপদ পানির অভাবে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়েছে।
স্থানীয় আরেকজন বাজারবাসী মোঃ রিফাত বলেন, বহু বছর ধরে এই এলাকায় স্থায়ী কোনো পানি সরবরাহ লাইন স্থাপন করা হয়নি। বর্তমানে এমপি মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, এতে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সরকারি ভাবে স্থায়ী পানি সরবরাহ ব্যবস্থারও দাবি জানাচ্ছি।

স্থানীয় বাজার কমিটির সভাপতি সাংখাম ম্রো জানান, এমপি সাচিং প্রু জেরীর উদ্যোগে প্রতি ৩ দিন পরপর এলাকায় পানি সরবরাহ করা হবে। এতে বাজারবাসী ও স্থানীয় এলাকা থেকে শুরু করে ব্যবসায়ীরাও সুপেয় পানির সংকটে কিছুটা হলেও নিরসন হবে।
এ সময় এমপি সাচিং প্রু জেরী নিজ হাতে স্থানীয় মানুষের মাঝে পানি বিতরণ করেন এবং পাহাড়ি জনপদের মানুষের সুপেয় পানির কষ্ট লাঘবে ভবিষ্যতেও কাজ করার আশ্বাস দেন।

















