রাঙামাটি মোনঘর স্কুলে চালু হলো জাপানি কুমন শিখন পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :
পার্বত্য চট্টগ্রামের মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো চালু হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাপানি কুমন শিখন পদ্ধতি।
শনিবার সকাল ১১টায় প্রাথমিক শাখার শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

কুমন পদ্ধতি মূলত নিয়মিত ক্লাসের বাইরে শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। ব্র্যাক কুমন লি. ও মিতসুবিশি ইউনাইটেড ফাইন্যান্স গ্রুপ লি.-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সহায়তায় মোনঘর স্কুলে এ পদ্ধতি চালু হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রাথমিক শাখার ৪০ জন শিক্ষার্থী গণিত শেখার জন্য এ কর্মসূচিতে যুক্ত হয়েছে।
মোনঘর কার্যনির্বাহী পরিষদের সভাপতি ভেনা. শ্রদ্ধালংকার মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিতসুবিশি ইউনাইটেড ফাইন্যান্স গ্রুপ বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মি. কিমুরা কেনজি এবং ব্র্যাক কুমন লি.-এর চিফ বিজনেস অফিসার মি. নেহাল বিন হাসান।
একই অনুষ্ঠানে মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজি পরিচালিত জাপানি ভাষা কোর্সে এন-৫ সম্পন্ন করা শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।
সাংবাদিকদের ব্রিফিংকালে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেন, তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে শিগগিরই এটি গঠন করা হবে।

তিনি বলেন, বর্তমান জেলা পরিষদ অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার মধ্যে আছে। নির্বাচন না হওয়া পর্যন্ত এটি এভাবেই থাকবে। অন্তর্বর্তীকালীন আইনের বিধান মেনে সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে জেলা পরিষদগুলো গঠন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই।

| ১৮ মে ২০২৬



















