রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় মাইকিং ও সতর্কবার্তা
ছন্দ সেন চাকমা, রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে টানা অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ মাইকিং কার্যক্রম চালানো হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় রোববার (১৪ জুন) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রুপনগর এলাকায় এ সচেতনতামূলক প্রচার চালানো হয়। অতিবৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষের জানমালের ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ দল মাঠে কাজ করে। মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য সতর্ক করা হয়। বিশেষ করে ভারী বর্ষণের সময় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলায় তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজস্থলীর বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ



