দীর্ঘ ১৭ বছর পর কাপ্তাইয়ে ফিরল ফুটবল উন্মাদনা ; শুরু হলো শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে আবারও মাঠে গড়িয়েছে ঐতিহ্যবাহী ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও প্রকৌশলী মাহমুদ হাসান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এশিয়া ইউনাইটেড এবং কে এইচ এস ওয়ারির্ওস। উত্তেজনাকর এই ম্যাচে এশিয়া ইউনাইটেডকে ৯-১ গোলে বিশাল ব্যবধানে পরাজিত করে কে এইচ এস ওয়ারির্ওস জয়লাভ করে। ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শাহজালাল চৌধুরী।
টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘শহীদ এ কে এম শামসুদ্দীন ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (KFP) একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক, যিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর স্মৃতি ধরে রাখার পাশাপাশি স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এক সময় এখানে নিয়মিত ক্রীড়া আয়োজন করা হতো। দীর্ঘ দেড় যুগ নানা প্রতিকূলতা ও মাঠ সংকটের কারণে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টটি বন্ধ ছিল। তবে পুনরায় এই আয়োজন শুরু হওয়ায় পাহাড়ি এই জনপদে ফুটবল উন্মাদনা ফিরে এসেছে।’

তিনি আরও বলেন, এই ফুটবল টুর্নামেন্টটি কেবল একটি প্রতিযোগিতাই নয়, এটি অত্র এলাকার মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী কাইসুল বারী, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, সিবিএর সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম এবং কাপ্তাইয়ের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব ও সাবেক ফুটবলার জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন পর আয়োজিত এই টুর্নামেন্টটি কাপ্তাই ও এর আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঝে প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

| ১৫ জুন ২০২৬















