গোবিন্দগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার অভিযুক্ত প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার
মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক প্রাইভেট শিক্ষক। এ সময় উদ্ধার হয়েছে অপহৃত ওই শিক্ষার্থী। গত বুধবার (১৫ অক্টোবর) নীলফামারী থেকে র্যাব- ১৩ এর একটি দল অপহৃতকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত প্রাইভেট শিক্ষক শাফিউল (৩০) উপজেলা শহরের বিদ্যাকোষ স্কুলের শিক্ষক ও শাখাহার ইউনিয়নের ফেসকা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
গোবিন্দগঞ্জ পৌর শহরের বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ১৫ বছর বয়সী ওই নাবালিকাকে গত মাসে সুকৌশলে অপহরণ করে নিখোঁজ হন। প্রাইভেট শিক্ষক শাফিউলের নামে অভিযোগ করা হয়েছে থানায়।।
এ ঘটনার পর ৩ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন শিক্ষার্থীর অভিভাবকরা। এর সূত্র ধরে গত ১৫ অক্টোবর (বুধবার) নীলফামারী থেকে আসামি শাফিউল ও ভিকটিম নাবালিকাকে আটক করে র্যাব-১৩। পরে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মুমিনুল ইসলাম জানান, মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়া এবং কোর্টে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দি গ্রহণের পর নাবালিকা শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মামলাটির তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়ে, এমন পরিস্থিতি থেকে উত্তরণে অভিভাবকদের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

| ৬ আগস্ট ২০২৬















