সাজেকে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে বেঞ্চ সংকটে চরম ভোগান্তিতে ছাত্র-ছাত্রীরা
রুপম চাকমা, দিঘীনালা:
রাঙামাটির সাজেক অঞ্চলের অন্তর্গত বাঘাইহাট উচ্চ বিদ্যালয়–এ দীর্ঘদিন ধরে বেঞ্চ সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় অনেক শিক্ষার্থীকে মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে, আবার কেউ কেউ দাঁড়িয়ে থেকেই পাঠ গ্রহণ করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সে অনুযায়ী আসবাবপত্রের ব্যবস্থা খুবই সমিট। বর্তমানে প্রতিটি শ্রেণিকক্ষে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম বেঞ্চ রয়েছে। ফলে একটি বেঞ্চে গাদাগাদি করে বসতে হচ্ছে ৫–৬ জন শিক্ষার্থীকে। এতে যেমন শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
৬ষ্ট শ্রিনীর এক শিক্ষার্থী জানায়, “প্রতিদিন মেঝেতে বসে ক্লাস করতে খুব কষ্ট হয়। বই-খাতা ঠিকভাবে রাখতে পারি না। পরীক্ষার সময় আরও সমস্যা হয়।” অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের দাবি, দ্রুত বেঞ্চ সরবরাহ না করলে শিক্ষার মান আরও অবনতি ঘটবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবধি চাকমা জানান, সামনে এসএসসি পরিক্ষা রয়েছে তাই দ্রুত সময়ের মধ্য বেঞ্চ সংগ্রহ না করলে শিক্ষার্থীদের ব্যঘাত ঘটবে বলে জানান।
বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নেলসন চাকমা মনে করেন দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উন্নয়ন কার্যক্রমে কিছুটা বিলম্ব হলেও শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। তারা সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ সরবরাহ ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সাজেকের মতো প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হলে অবকাঠামোগত সংকট দূর করা এখন সময়ের দাবি বলে মনে করেন নেলসন চাকমা।















