শিক্ষা ও জীবনমান উন্নয়নে রুমা জোনের মানবিক উদ্যোগ
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার পাড়াবাসী এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা ও মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছে রুমা জোন (৩৬ বীর)।
গত (৬ জুন) শনিবার “সবার জন্য সেনাবাহিনী” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি নির্দেশক্রমে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি-এর সার্বিক তত্ত্বাবধানে রাইংখিয়ং পুকুর আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন পাড়ায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় গীর্জা, বিদ্যালয় এবং শিক্ষার্থীদের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
পুকুর পাড়ায় গীর্জার জন্য ২ সেট সোলার সিস্টেম, শিক্ষার্থীদের জন্য ৪০টি ছাতা এবং বিদ্যালয়ের জন্য একটি ব্ল্যাকবোর্ড প্রদান করা হয়। প্রংজং পাড়ায় একটি সোলার সিস্টেম, ৩০টি ছাতা, একটি ব্ল্যাকবোর্ড ও একটি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। এছাড়া চার্জিং পাড়ায় ২ সেট সোলার সিস্টেম, ২৮টি ছাতা, একটি ব্ল্যাকবোর্ড, ৭টি নিরাপত্তা লাইট, একটি জেনারেটর এবং একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। সেপ্রু পাড়ায় একটি সোলার সিস্টেম ও একটি সাউন্ড সিস্টেম এবং সূরাহা পাড়ার স্কুল শিক্ষার্থীদের জন্য ৪০টি ছাতা ও একটি ব্ল্যাকবোর্ড বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নে এসব সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ এবং বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হওয়ায় তারা উপকৃত হবে।
রুমা জোন কর্তৃপক্ষ জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে।

| ৯ জুন ২০২৬
















