রামগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল বিতরণ
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় রামগড় পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের প্রত্যেককে ২৮ কেজি করে চাউল দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিনসহ রামগড় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকারভোগী পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও জনপ্রতিনিধিরা সবসময় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদন সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সহায়তা বিতরণ করা হচ্ছে।
এদিকে চাউল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্যোগের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সহায়তা তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

| ৯ জুন ২০২৬
















