কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
ছন্দ সেন চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের হাজারীবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কাজল দাস (৬০)। তিনি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার ১ নম্বর ওয়ার্ডের নতুন জালিয়াপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম বিজয় দাস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ৬নং বালুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড সংলগ্ন হাজারীবাগ এলাকায় কাপ্তাই হ্রদে মাছ ধরতে যান কাজল দাস। মাছ ধরার একপর্যায়ে তিনি হ্রদের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় ব্যক্তিরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে ডুবুরি দলের একটি ইউনিট স্পিডবোটযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর সোয়া দুইটার দিকে হ্রদের প্রায় ৩৫ ফুট গভীর তলদেশ থেকে কাজল দাসের মরদেহ উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেব জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে হ্রদের গভীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি রাঙ্গামাটির কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

| ১২ আগস্ট ২০২৬














