কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে রান্নাঘর বিধ্বস্ত, অলৌকিকভাবে রক্ষা পেল গৃহবধূ
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ব্যাঙছড়ি মুসলিমপাড়া এলাকায় ৫০-৬০ বছরের পুরাতন বয়স্ক একটি বিশাল চুন্দুল গাছের ডাল ভেঙে পড়ে স্থানীয় মো. মনির আহমেদ নামের এক ব্যক্তির রান্না ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে অল্পের জন্য পরিবারের সদস্যরা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) বেলা ২ টায় দিকে দুপুরের খাবারের পর মনির আহমেদ ও সন্তানরা শয়ন কক্ষে বিশ্রামে ছিলেন। এসময় তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। তবে তিনি সৌভাগ্য বশত রান্নাঘর থেকে বের হওয়ার পর পরই বিকট শব্দে বয়স্ক ওই চুন্দুল গাছের প্রায় ১০-১২ ফুট বেড়ের একটি ডাল সরাসরি রান্নাঘরের ওপর আছড়ে পড়ে। এতে রান্নাঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মনির আহমেদ জানান, “আল্লাহর অশেষ রহমতে আমার স্ত্রী ও সন্তানরা শয়ন কক্ষে থাকায় এবং আমার স্ত্রী রান্নাঘর থেকে ঠিক সময়ে বের হয়ে আসায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমরা গত ত্রিশ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছি। তবে আমাদের বসতঘরের ঠিক পাশেই আরও তিনটি বড় চুন্দুল গাছ রয়েছে। যার বেশিরভাগ অংশ ইতিমধ্যে পচে গেছে এবং এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানিয়েছেন।”

স্থানীয়রা আরও জানান, ওই চুন্দুল গাছগুলোর আশপাশে অন্তত আটটি পরিবার অত্যন্ত ঝুঁকি নিয়ে বসবাস করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, “কারো বসতঘরের ওপর গাছ পড়ার বিষয়টি আমি শুনেছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

| ১২ আগস্ট ২০২৬














