রামগড়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ২ লাখ টাকা জরিমানা
সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অনুমোদনহীনভাবে এবং পৌর এলাকার নিষিদ্ধ স্থানে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে ইটভাটাটিকে ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভাটার সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২৬ জানুয়ারী) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। অভিযানকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে প্রশাসনকে সহযোগিতা করেন।
অভিযানের সময় দেখা যায়, HB ব্রিকস নামক ইটভাটাটি আদালতের পূর্ব নির্দেশনা অমান্য করে জোরপূর্বক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ইটভাটার মালিক অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছিলেন। এর ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। এদিকে স্থানীয়রা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে ইটভাটার ধোঁয়া ও শব্দদূষণে তারা ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।














