গালেংঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট সংকট: চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
মথি ত্রিপুরা , রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত “গালেংঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়”-এ দীর্ঘদিন ধরে অচল ও জরাজীর্ণ ল্যাট্রিনের কারণে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা।
গত (২০ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একমাত্র ল্যাট্রিনটি বহু বছর ধরে সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ল্যাট্রিনটির ছাদের টিন খুলে গেছে, ফলে বর্ষা মৌসুমে ভেতরে পানি জমে থাকে। দেয়ালের রং উঠে গিয়ে কাঠামোটি ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। চারপাশে ঝোপঝাড় ও জঙ্গল গড়ে ওঠায় এটি এখন প্রায় পরিত্যক্ত স্থাপনায় রূপ নিয়েছে।
বিদ্যালয়ে ওয়াশরুমের অভাবও শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ছাত্রীদের জন্য এটি মারাত্মক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে, যা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর বিদ্যালয়ের জন্য সরকারি বরাদ্দ এলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, বছরের পর বছর কোনো দৃশ্যমান উন্নয়ন কাজ করা হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উটিংশেয়ে মারমার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, টয়লেট রয়েছে এবং আমি নিজেও ব্যবহার করছি। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাস্তব চিত্র তার বক্তব্যের সাথে মিলছে না।
অন্যদিকে সহকারী শিক্ষক উহাইনু মারমা বলেন, টয়লেটের অভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত একটি ব্যবহারযোগ্য টয়লেটের ব্যবস্থা করা হলে সবাই উপকৃত হবে।
এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে টয়লেট সংস্কার ও আধুনিক ওয়াশরুম নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


















