পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু
আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী “নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ রাঙ্গামাটি অঞ্চলের উপ-পরিচালক মো. আমিনুল হক।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ফেরদৌস মিয়া। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা সহকারী প্রকল্প পরিচালক আব্দুর রহিম এবং মাঠ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষ নেতৃত্ব গঠন এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, নারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালাটি টানা তিন দিনব্যাপী চলবে।
বক্তারা আরও বলেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে সমিতি গঠন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা এবং কৃষিভিত্তিক উদ্যোগে সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন।
সংস্থাটির মূল লক্ষ্য হলো দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং টেকসই দারিদ্র্য বিমোচন নিশ্চিত করা। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, নারী উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও পিডিবিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

| ২৩ জুন ২০২৬
















