বান্দরবানে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।
উথোয়াইচিং মারমা ; বান্দরবান:
পার্বত্য বান্দরবানে বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানি বন্দী মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর।
সোমবার (১৩ জুলাই) বান্দরবান সদরের ক্রাইক্ষ্যং পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল। এ সময় বিজিবির সদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বিজিবির বান্দরবান সদর সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি প্রয়োজনে উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রমও অব্যাহত থাকবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।
তিনি আরো জানান, বন্যার পানি পুরোপুরি নেমে গেলে বন্যা কবলিত মানুষগুলো আরো দূর্ভোগ পোহাবে। ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের মতো পানি বাহিত রোগে আক্রান্ত হতে পারে। তাই চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই সময়ে বিজিবির ত্রাণ সহায়তা বন্যাকবলিত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

| ১৪ জুলাই ২০২৬












