দুর্গম মদকে ৫৭ বিজিবির মানবিক চিকিৎসা সেবা
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের দুর্গম মদক এলাকায় বসবাসরত চিকিৎসা বঞ্চিত নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বর্ডার গার্ড বাংলাদেশ – কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ ৫৭ বিজিবির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দূর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত হতদরিদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আলীকদম ব্যাটালিয়ন। “অপারেশন উত্তরণ” এর আওতায় বিজিবি বিভিন্ন সময় চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল, অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ পাহাড়ী-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর দিকনির্দেশনায় মদক বিওপি এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি।
এ সময় ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২০ জনের অধিক স্থানীয় নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিজিবি জানায়, পর্যায়ক্রমে অন্যান্য বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। দূর্গম এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠীর মানুষদের একমাত্র ভরসার প্রতীক হিসেবে বিজিবি ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারভাবে অব্যাহত রাখবে।
মেডিকেল ক্যাম্প চলাকালে মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহমেদ সাব্বির, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় পাড়া কারবারী/হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্প পরিচালিত হয়।
বিজিবি মনে করে, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ী-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শান্তি, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করবে।














