দুর্গম সাজেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্টিত
রুপম চাকমা, দিঘীনালা:
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার দুর্গম ৩৬নং সাজেক ইউনিয়নের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ি এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ তারিখে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় ৫৪ বিজিবির জুপুই বিওপির কমান্ডারের নেতৃত্বে সাজেক এলাকার বাঘাইছড়ি উপজেলার দুর্গম ও নির্জন পাহাড়ি অঞ্চল জুপুই, পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত স্থানীয় জনগণকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্ত দিয়ে যেন কোনো প্রকার অবৈধভাবে মানুষ পারাপার না ঘটে, সে বিষয়ে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে সকল ভোটারকে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আশ্বস্ত করা হয়।
বিজিবি কর্তৃপক্ষ জানান, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।














