সাজেকে ৫৪ বিজিবির উদ্যোগে অসহায় পাহাড়ি পরিবারকে আর্থিক সহায়তার প্রদান
রুপম চাকমা, দিঘীনালা:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের শান্তি পাড়া এলাকায় এক অসহায় পাহাড়ি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত শান্তি পাড়ার কাটা কার্বারীকে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেন।
মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: হাসান ইমাম বলেন প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার মধ্যেও বিজিবি সদস্যরা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
অসহায় ও দরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, জরুরি ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা স্থানীয়দের পাশে দাঁড়াচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যে কোনো বিপদ-আপদ, অসুস্থতা কিংবা জরুরি প্রয়োজনে বিজিবি সদস্যদের দ্রুত সাড়া ও সহযোগিতা তাদের জীবনযাত্রায় স্বস্তি এনে দিচ্ছে। এতে করে দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি আরও দৃঢ় হচ্ছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এই নিরলস ও মানবিক কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দুর্গম পাহাড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন।
আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী পরিবার বিজিবির এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজিবির এ ধরনের মহৎ কর্মকাণ্ডকে সাধুবাদ জানান।














