পরীক্ষা ফেলে রাজপথে শিক্ষার্থীরা : দাবি আদায়ে কাপ্তাই বিএসপিআই-তে বিক্ষোভ
রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে উত্তাল বিক্ষোভ ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার সুপারিশের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস ও চলমান বোর্ড পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএসপিআই ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাপ্তাইয়ের গুরুত্বপূর্ণ এলাকা ‘লগগেইট’ প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। মিছিলে দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নিয়ে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সংবাদমাধ্যমকে জানান, “এটি একটি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কাপ্তাই বিএসপিআই-এর শিক্ষার্থীরা আজ পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।”
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সভায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৪০ শতাংশ কোটা বা সুযোগ প্রদানের সুপারিশ করা হয়। ঐতিহ্যগতভাবে বিএসসি ইঞ্জিনিয়াররা সরাসরি ৯ম গ্রেডে (সহকারী প্রকৌশলী) যোগদান করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরাসরি ১০ম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) যোগদান করে আসছেন। নতুন এই সুপারিশের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের জায়গা সংকুচিত হবে এবং তাদের নায্য অধিকার খর্ব হবে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাপ্তাই বিএসপিআই-এর সাধারণ শিক্ষার্থীরা।














