শ্রমিকলীগে ভাঙন: রামগড়ে উপজেলা ও পৌর সভাপতির বিএনপিতে যোগদান
সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনে বড় ধরনের ভাঙনের ঘটনা ঘটেছে। উপজেলা ও পৌর শ্রমিকলীগের দুই শীর্ষ নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে রামগড় বাজার এলাকায় ধানের শীষের সমর্থনে বিএনপির নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলাকালে এ যোগদানের ঘটনা ঘটে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। বিএনপিতে যোগদানকারীরা হলেন— রামগড় উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং রামগড় পৌর শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান।
যোগদানকালে তারা বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আবদুল ওয়াদুদ ভূইয়া সংসদ সদস্য থাকাকালে রামগড়সহ খাগড়াছড়ির প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা আজও সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তারা আরও বলেন, “আবদুল ওয়াদুদ ভূইয়ার শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির রাজনীতি আমাদের অনুপ্রাণিত করেছে। এই এলাকার মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।”
এ সময় আবদুল ওয়াদুদ ভূইয়া নবাগত নেতাদের স্বাগত জানিয়ে বলেন, “বিএনপি সবসময় গণমানুষের দল। আদর্শ ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানাই।” তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। গণসংযোগ কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুই নেতার বিএনপিতে যোগদান রামগড়ের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে এবং আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।














