ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাঘাইছড়িতে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি
রুপম চাকমা, দিঘীনালা :
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাঘাইহাট ব্যাটালিয়ন চুয়ান্ন বিজিবি)।
আজ ৩০ জানুয়ারী এ উপলক্ষে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান চুয়ান্ন বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী। এসময় স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে যেন কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র, যোগাযোগ সড়ক ও সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী আরও জানান, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতায় সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।














