সাজেকে প্রত্যন্ত অঞ্চলে মশারি বিতরণ করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নুয়েল খীসা
রুপম চাকমা, দিঘীনালা :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক অঞ্চলে ম্যালেরিয়া প্রতিরোধে সাজেক ইউনিয়নের প্রত্যন্ত এলাকার জনগণের মাঝে মশারি বিতরণ করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জেন ডা. নুয়েল খীসা।
বৃহম্পতিবার ৫ মার্চ ২০২৬ সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও নতুন পাড়া নামক স্হানে পৃথক পৃথকভাবে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে পাহাড়ি দুর্গম এলাকার দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়।
মশাবাহিত রোগ বিশেষ করে ম্যালেরিয়া প্রতিরোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মশারি বিতরণ কর্মসূচিতে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নুয়েল খীসা বলেন, পাহাড়ি এলাকার অনেক গ্রাম এখনো দুর্গম হওয়ায় সেখানে স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা জরুরি। ম্যালেরিয়া প্রতিরোধে নিয়মিত মশারি ব্যবহার করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বাঘাইছড়ি ব্রাক ম্যানেজার বিল্টু চাকমা অরুন চাকমা, সুমন্ত চাকমা, উথিম মং সহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়ার ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় এসব এলাকায় নিয়মিত সচেতনতা কার্যক্রম ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই সাজেকের বিভিন্ন দুর্গম পাড়ায় মশারি বিতরণ করা হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি নিয়মিত হলে মশাবাহিত রোগ থেকে তারা অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন।













