লামায় অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর দুই সদস্য আটক
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে লামা উপজেলার লুলাইং এলাকার মারাইত্তা বাজারে সশস্ত্র অবস্থায় কয়েকজন ব্যক্তি চাঁদা আদায়ের চেষ্টা করেন।
স্থানীয়দের সন্দেহ হলে তারা একজনকে আটক করে সেনাবাহিনীর লুলাইং ক্যাম্পে হস্তান্তর করেন। আটককৃত ব্যক্তির সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রো ছেলে প্রেনপং ম্রো। সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টার কথা স্বীকার করেন বলে জানা গেছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মারাইত্তা বাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে আটক ব্যক্তির ভাই তং পং মোরং গজালিয়া এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগের সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পার্বত্য অঞ্চলে সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কামাল বলেন, অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।















