রাজস্থলীতে ইউএনও পদ শূন্য : প্রশাসনিক দাপ্তরিক কাজে স্থানীয়দের সেবা জনভোগান্তি
চাইথোয়াইমং মারমা, বিশেষ রিপোর্টার:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শূন্য এক মাসের অধিক। ইউএনওর পদ শূন্য থাকায় প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম অনেকটা স্থবিরতা ও ধীরগতি হয়ে পড়েছে। ভূমি বিষয়ক শুনানি, জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন সংশোধন, সভার আয়োজন, উন্নয়ন প্রকল্পের তদারকি এবং অন্যান্য নিয়মিত কার্যক্রম সম্পাদনে সমস্যা হচ্ছে এবং এতে স্থানীয় সেবাপ্রার্থীদের ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ করেছেন অনেকে।
রাজস্থলী ইউএনও পদটি বিগত একমাসের অধিক শূন্য থাকায় জনভোগান্তির শিকার বিষয়টি রাঙামাটির ডিসি, জেলা প্রশাসক নাজমা আশরাফী জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছেন বলে সিএইচিটি বার্তা প্রতিবেদকে জানিয়েছেন। সাধারণত, ইউএনও’র তত্ত্বাবধানে উপজেলার অতিরিক্ত দায়িত্বরত সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। ইউএনও ভূমি বিষয়ক শুনানি গ্রহণ, বিভিন্ন সভা আয়োজন, উন্নয়ন প্রকল্পের তদারকি, ত্রাণ বিতরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য সরকারি কার্যক্রম পরিচালনা বিধি মোতাবেক পরিচালনা ও তদারক করে থাকেন। ইউএনও শূন্য থাকার কারণে এসব কার্যক্রম সম্পাদনে সমস্যা হচ্ছে বলে সরেজমিনে কথা বলে জানা যায়।
সরেজমিনে দেখা যায়, ভূমি বিষয়ক শুনানি এবং উন্নয়ন প্রকল্পের কাজগুলো সময় মতো না হওয়ায় সাধারণ মানুষ নানান ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও জরুরি প্রয়োজনে সরকারি বিভিন্ন সেবার জন্য মানুষ ইউএনও অফিসে গিয়ে সেবা পাচ্ছে না। তাছাড়া ইউএনও না থাকার কারণে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং এবং সিদ্ধান্ত গ্রহণেও সমস্যা দেখা যাচ্ছে। উপজেলার সচেতন মহল মনে করছেন, রাজস্থলী উপজেলায় দ্রুত ইউএনও পদায়ন করা জরুরি। যাতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে, জনগণের ভোগান্তি দূর করা সম্ভব হয়।
উল্লেখ্য, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ময়মনসিংহ জেলা সদরে বদলী হওয়ার পর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব নেন। তিনি সপ্তাহে বা দুই সপ্তাহে একবার এসে অফিস করেন। যার ফলে মুলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী গণমাধ্যম কে জানান, তিনি রাজস্থলীতে ইউএনও পদ শূন্য থাকার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবগত করেছেন। খুব শিগগিরই ইউএনও পদ পূরণে কর্তৃপক্ষ নিকট জানানো হল এর পর ব্যবস্থা নেবে বলে নিশ্চিত করেন।

| ৭ জুন ২০২৬











