| ৭ জুলাই ২০২৬
শিরোনাম:

পাহাড়ি মাটিতে লটকনের জয়যাত্রা, রামগড়ের গবেষণায় কৃষিতে নতুন সম্ভাবনা

পাহাড়ি মাটিতে লটকনের জয়যাত্রা, রামগড়ের গবেষণায় কৃষিতে নতুন সম্ভাবনা

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি মাটিতে লটকন চাষ নিয়ে দীর্ঘদিনের গবেষণায় সফলতা অর্জন করেছেন পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। গবেষণার এ সাফল্য পার্বত্য অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষি গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সমতল অঞ্চলে লটকন চাষ জনপ্রিয় হলেও পাহাড়ি এলাকায় এ ফলের উপযোগিতা নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি। এ প্রেক্ষাপটে কয়েক বছর আগে রামগড়ের পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র পাহাড়ি মাটিতে লটকন চাষের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গবেষণা কার্যক্রম শুরু করে। গবেষণার অংশ হিসেবে কেন্দ্রের বাগানে পরীক্ষামূলকভাবে বারি ১, এর কয়েকটি লটকন গাছ রোপণ করা হয় এবং নিয়মিত পর্যবেক্ষণ, পরিচর্যা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে গাছগুলোর বৃদ্ধি, অভিযোজন ক্ষমতা এবং ফলন পর্যবেক্ষণ করা হয়।

গবেষণার শুরুতে পাহাড়ি মাটি ও আবহাওয়ায় লটকন গাছের অভিযোজন এবং ফলন নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ধীরে ধীরে গাছগুলো স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়। কয়েক বছরের পরিচর্যা ও পর্যবেক্ষণের পর গাছগুলোতে আশানুরূপ ফলন দেখা দিতে শুরু করে। বর্তমানে গবেষণা কেন্দ্রের বাগানে থাকা লটকন গাছগুলোতে সন্তোষজনক ফলন পাওয়া যাচ্ছে, যা পাহাড়ি এলাকায় এ ফলের বাণিজ্যিক চাষের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. এমদাদুল হক বলেন, “পাহাড়ি মাটিতে লটকন চাষ নিয়ে শুরুতে আমরা কিছুটা শঙ্কিত ছিলাম। কারণ এ অঞ্চলের মাটি ও জলবায়ু গাছগুলোর জন্য কতটা উপযোগী হবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে আমাদের বৈজ্ঞানিক দলের দীর্ঘ গবেষণা, নিবিড় পর্যবেক্ষণ ও সঠিক পরিচর্যার ফলে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বর্তমানে গাছগুলোতে ভালো ফলন হচ্ছে, যা পাহাড়ি এলাকায় লটকন চাষের সম্ভাবনাকে উজ্জ্বল করেছে।”

তিনি আরও বলেন, “গবেষণার ফলাফল পর্যালোচনা করে ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের কৃষকদের মধ্যে লটকন চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষকদের নতুন আয়ের উৎস সৃষ্টি হবে এবং পাহাড়ি এলাকায় অর্থকরী ফল চাষের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

রামগড় কৃষি সম্প্রসারণ অফিসার এস,কে, এম – গোলাম সাকলাইন বলেন লটকন একটি পুষ্টিগুণসমৃদ্ধ ও উচ্চমূল্যের অর্থকরী ফল। পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে এর চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের সামগ্রিক ফল উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষির বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে,তিনি আরো জানান কৃষক,কে উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে কৃষি অফিস থেকে লটকন চারাগাছ বিতরণ করা হয়েছে।

কাপ্তাইয়ে সরকারি জমি জালিয়াতি ; মালিক সেজে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

পাহাড়ি মাটিতে লটকনের জয়যাত্রা, রামগড়ের গবেষণায় কৃষিতে নতুন সম্ভাবনা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় সরকারি লিজকৃত জমি জালিয়াতির মাধ্যমে মালিক সেজে ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ‘স্টারলিং প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাজু আহমেদের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, শিলছড়ি গ্রামে অবস্থিত স্টারলিং প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে সরকারি জমি লিজ নেওয়ার কোনো বৈধ রেকর্ডপত্র নেই। অথচ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খান প্রকৃত তথ্য গোপন করে ও নথিপত্র জালিয়াতি করে নিজেকে ভূমির মালিক দাবি করেন।

​২০১৫ সালে আনসার ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের জন্য ওই এলাকা থেকে ২২ দশমিক ১৭ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন ৮ দশমিক ০৯ একর জমির জন্য ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয়। ২০১৮ সালের ২ জুলাই হাসান মাহমুদ খান প্রতারণার আশ্রয় নিয়ে ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ১৯৫৫-৫৬ সালের দিকে স্টারলিং প্লাইউড ইন্ডাস্ট্রিজ কারখানাটি গঠিত হলেও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মালিকরা দেশত্যাগ করেন। এরপর ১৯৮৭ সালে মরহুমা আছিয়া খানম নিজেকে কারখানার মালিক দাবি করে কারখানার জমি ‘শেল অয়েল কোম্পানি’কে সাব-লিজ দিয়ে অবৈধ অর্থ আয় শুরু করেন। পরবর্তীতে ওই জমিতে আনসার ক্যাম্প স্থাপন করা হয়।

অভিযোগ রয়েছে, ১৯৯১ সালে আছিয়া খানমের মৃত্যুর পর তার পুত্র হাসান মাহমুদ খান কারখানার সব যন্ত্রপাতি, আসবাবপত্র ও মালামাল বিক্রি করে দেন এবং কারখানাকে অস্তিত্বহীন করে তোলেন। তবুও তিনি নিজেকে ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে সরকারি ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করেন।

শিলছড়ির বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিনু মারমা ও স্থানীয় বিএনপি নেতা জাফর আহমদ স্বপন জানান, ওই এলাকায় ১১৪টি ভূমিহীন পরিবার ৪০ থেকে ৬০ বছর ধরে বসবাস করে আসছেন। তাদের বসতভিটা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও খেলার মাঠসহ নাগরিক সুবিধা রয়েছে। হাসান মাহমুদ খান ভুয়া মালিকানা দাবি করে এসব পরিবারের ওপর উচ্ছেদ আতঙ্ক সৃষ্টি করেছেন।​ভুক্তভোগী ১১৪টি পরিবার তাদের বসতভিটা রক্ষার জন্য জেলা প্রশাসকের কাছে জমি বন্দোবস্তের আবেদন করেছেন এবং বর্তমানে বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে সিভিল স্যুট (নং-৮৮/১৯) চলমান রয়েছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি আদালত হাসান মাহমুদ খানের মামলা খারিজের আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তিনি সিভিল আপিল (নং-২০/২০২৫) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।ভুক্তভোগীদের আইনজীবিদের তথ্যমতে, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুসন্ধান চালিয়েও স্টারলিং প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানা সংক্রান্ত কোনো বৈধ দাখিলিক প্রমাণ পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, যেখানে কারখানাটির কোনো অস্তিত্বই নেই, সেখানে মালিক সেজে সরকারি টাকা হাতিয়ে নেওয়া রাষ্ট্রের সাথে চরম প্রতারণা।

এ বিষয়ে বক্তব্য জানতে ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে ও সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।দুদকের মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২০১, ৪৬৭ ও ৪৬৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এলাকাবাসীর দাবি, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত হাসান মাহমুদ খানকে কোনো প্রকার সরকারি অর্থ যেন প্রদান করা না হয়। রাষ্ট্র ও জনস্বার্থে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিলছড়িবাসী।

আলীকদমে টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে জনজীবন বিপর্যস্ত

পাহাড়ি মাটিতে লটকনের জয়যাত্রা, রামগড়ের গবেষণায় কৃষিতে নতুন সম্ভাবনা

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, ‎আলীকদম (বান্দরবান)প্রতিনিধি :

‎বান্দরবানে আলীকদমে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় আজ সোমবার (৬ জুলাই) দুপুর থেকে লামা-আলীকদম সড়কের তিনটি স্থান ডুবে গেছে। ফলে সকাল থেকে লামার সঙ্গে আলীকদমের এবং আলীকদমের সঙ্গে লামা ও চকরিয়া যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি এখনো অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানি আরও বাড়তে পারে বলে জানান আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম। ‎ ‎

এদিকে আলীকদম ও লামার লোকজন জানিয়েছেন, গতকাল রবিবার থেকে আলীকদম ও লামা উপজেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দুই দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে নদীতে পানি বেড়ে যায়। এতে আজ দুপুরে আলীকদম লামা সড়কের সিলেরতুয়া ও শীবাতলী এলাকা, রেপারপাড়ি বাজার, কাঁকড়া ঝিড়ি, দপ্রু ঝিরি এলাকা ডুবে যায়। যানবাহন চলাচল বন্ধ হওয়ায় লোকজন সেখানে নৌকা দিয়ে পারাপার হয়ে যাতায়াত করছেন। ‎ ‎

আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজার এলাকার ইউপি সদস্য মো. বাদশা মেম্বার জানিয়েছেন, রেপারপাড়া ও সিলেরতুয়ার, শীবাতলী নিচু এলাকায় শুধু সড়ক ডুবে যায়নি, দরিদ্র মানুষের ঘরবাড়িও তলিয়ে গেছে। প্রায় ৫০টি পরিবার আশ্রয়কেন্দ্রে ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বৃষ্টি না কমায় আরও অনেক বাড়িঘর ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ‎ ‎

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনজুর আলম বলেন, দুপুর থেকে আলীকদম লামা সড়ক প্লাবিত হওয়ার তথ্য জানতে পেরেছি। ফলে যানবাহন বন্ধ থাকায় সড়কের উপর দিয়ে লোকজন নৌকায় করে চলাচল করছে। টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বেড়ে নিচু এলাকা ডোবার আশঙ্কায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা কন্ট্রোল রুম ও ১৫টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে।

রামগড়ে পল্লী উন্নয়ন দিবস পালিত

পাহাড়ি মাটিতে লটকনের জয়যাত্রা, রামগড়ের গবেষণায় কৃষিতে নতুন সম্ভাবনা

 

সাইফুল ইসলাম, রামগড় :

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ এবং ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, এনসিপির সভাপতি মো. হারুনুর রশীদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, রামগড় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোশারফ হোসেন মিলন এবং রামগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

বিআরডিবির মাঠ সংগঠক মো. হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং উপকারভোগীরা অংশ নেন।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে সমবায়ীদের মাঝে গাছের চারা এবং ঋণ বিতরণ করা হয়।।

×