কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রিপন মারমা, কাপ্তাই :
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) দুর্যোগ কবলিত এলাকায় নিয়মিত ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি আজ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। দুর্যোগ পরবর্তী সময়ে এলাকায় পানিবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই উদ্যোগ গ্রহণ করে ৪১ বিজিবি।
ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম, এএমসি-এর নেতৃত্বে গঠিত বিশেষ মেডিকেল টিম এ সময় এলাকার প্রায় ২৪৩ জন দুস্থ, হতদরিদ্র ও অসহায় নারী-পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।

এ সময় জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের যেকোনো প্রয়োজনে বিজিবি পাশে থাকার আশ্বাস দেন। তিনি উপস্থিত জনসাধারণকে পানিবাহিত রোগসহ পাহাড়ের দুর্যোগপূর্ণ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।লেঃ কর্নেল কাওসার মেহেদী বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে বিজিবি শুরু থেকেই মানবিক সহায়তা প্রদান করে আসছে।”

তিনি আরও জানান, কেবল খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা নয়, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

| ১৪ জুলাই ২০২৬







