সাজেকে অসুস্থ এক ব্যক্তিকে বাঘাইহাট জোনে আর্থিক সহায়তা
রুপম চাকমা, দীঘিনালা :
মানুষের কল্যাণে নিবেদিত বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) গুরুতর অসুস্থ মোঃ মিজানুর রহমান-এর চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করেছে। মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে এই সহায়তা প্রদান করা হয়।
মোঃ মিজানুর রহমান বাঘাইহাট সেগুনবাগান এলাকার বাসিন্দা এবং বর্তমানে বাঘাইহাট পোস্ট অফিসে কর্মরত। আনোয়ার ট্রেডার্সের মালামাল সাজেকে পৌঁছে দিয়ে বাঘাইহাট আসার সময় ২০২২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর কলার বোন ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন এবং মাঝেমধ্যে অজ্ঞান হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য নিয়মিত চিকিৎসা গ্রহণ করলেও তাঁর সুস্থতা এখনো সম্পূর্ণভাবে ফিরে আসেনি।
সীমিত আয়ের একজন চাকরিজীবী হিসেবে একদিকে নিজের দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়, অন্যদিকে পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা তাঁর জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন মানবিক পরিস্থিতির কথা জানতে পেরে বাঘাইহাট জোন তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তার উদ্দেশ্যে আর্থিক অনুদান প্রদান করে।
সহায়তা গ্রহণকালে মোঃ মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাঁর চিকিৎসা চালিয়ে যেতে এবং পরিবারের আর্থিক চাপ কিছুটা লাঘব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, অসহায় মানুষের দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ ও ভালোবাসা আরও সুদৃঢ় করে। মানবিক মূল্যবোধ, জনসেবা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বাঘাইহাট জোনের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন জানিয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে অবদান রাখা তাদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

| ২৯ জুলাই ২০২৬













