বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্ন কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বাঘাইছড়ি প্রতিনিধি এবং জেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, কৃষক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ৬০০ জন কৃষকের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজির বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি গ্রীষ্মকালীন সবজি চাষে উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

| ২৭ জুলাই ২০২৬















