বাঘাইছড়িতে আশ্রয়ণ ঘর বেচাকেনা ও ভূমি দখলের অভিযোগ উঠেছে
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনিতে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য নির্মিত অন্তত দুটি সরকারি ঘর অবৈধভাবে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। একই সঙ্গে ঘরের মূল নকশা পরিবর্তন করে অতিরিক্ত সরকারি জমি দখলের ঘটনাও ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, ভূমিহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর কিছু অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন এবং সরকারের মানবিক উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অনেকেই সরকারি নির্ধারিত নকশা উপেক্ষা করে ঘরের আকার-আকৃতি পরিবর্তন করছেন। কেউ কেউ আশপাশের খালি জায়গা দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন। এতে পুরো কলোনির পরিকল্পিত পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নানা ধরনের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।












