বাঙ্গালহালিয়া বাজারে ফুটপাত দখল নিয়ে চরম নৈরাজ্য : বাজার কমিটির নির্দেশ অমান্য, সভাপতিকে ‘বুড়ো আংগুল’ দেখানোর অভিযোগ
উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে ফুটপাত ও সড়ক দখলকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। বাজার কমিটির একাধিকবার নির্দেশনার পরও এক শ্রেণির সবজি ব্যবসায়ী ফুটপাত ও চলাচলের মূল সড়কের ওপর অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া বাজারটি উপজেলার অন্যতম ব্যস্ত বাজার। প্রতিদিন শত শত মানুষ এই বাজারে কেনাকাটার জন্য আসেন। কিন্তু ফুটপাত ও সড়ক দখলের কারণে পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং রোগী বহনকারী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
বাজার কমিটি জানায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে একাধিকবার মৌখিকভাবে সংশ্লিষ্ট সবজি ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তারা সে নির্দেশ মানছেন না। বরং প্রকাশ্যে বাজার কমিটির সিদ্ধান্তকে অবজ্ঞা করছেন।
এ বিষয়ে বাঙ্গালহালিয়া বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ব্যক্তিগতভাবে বারবার অনুরোধ করেছি যেন তারা ফুটপাত ও রাস্তা ছেড়ে নির্ধারিত স্থানে বসে। কিন্তু তারা কেউ কথা শুনছে না। উল্টো আমাকে বুড়ো আংগুল দেখিয়ে ওই জায়গাতেই বসে আছে। এটা শুধু আমার প্রতি নয়, পুরো বাজার ব্যবস্থাপনার প্রতি চরম অবমাননা।”
তিনি আরও বলেন, বাজার কমিটির পক্ষে জোরপূর্বক কাউকে উচ্ছেদ করার ক্ষমতা নেই। কিন্তু ব্যবসায়ীদের এমন আচরণ বাজারে অরাজকতা সৃষ্টি করছে এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে।
স্থানীয় ক্রেতা ও পথচারীরা জানান, ফুটপাত দখলের ফলে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন তারা। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, বাজারে আসলেই হাঁটার জায়গা পাওয়া যায় না। বাচ্চা বা বয়স্ক মানুষ নিয়ে বাজারে আসা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।”
এলাকাবাসীর অভিযোগ, বাজারে এ ধরনের অবৈধ দখল দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি চোখে পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, বাঙ্গালহালিয়া বাজারকে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।


















