বাঙ্গালহালিয়া ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা
উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী অধিকার রক্ষা এবং সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাঙ্গালহলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজয় মারমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে সিথি চাকমা বলেন, নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সামাজিক সমস্যা। এ সমস্যা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং পরিবার, সমাজ এবং স্থানীয় নেতৃত্বের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি নারীদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

ডাঃ প্রবীর খিয়াং বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তিনি এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, হেডম্যান ক্যশৈথুই মারমা , রাজস্থলী প্রেসক্লাব সভাপতি,আজগর আলী খান, যুগ্ম সম্পাদক, উচ্চপ্রু মারমা,মাসাং মারমা,ওয়াংসুইনু মারমা,ক্রয় মা মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে এবং নারীদের প্রতি সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



















